চিত্রিত পদ্মে
অরুণ নাগ
রীতিমতো হৈ রৈ কাণ্ড! হুতোমি গোল-এর 'বব্বল' আর 'গেলাপ' নিয়ে পণ্ডিতরা কুপোকাত! সেকালের নেশা আর নেশাডুর রাজকীয় আড়ম্বরের রোজনামচা পড়তে পড়তে একালের পাতি শরাবিরা শরমে মুখ লুকোবার গলিঘুপচি খুঁজতে ছুটোছুটি করছেন। পকেটে ফুটো কড়ি না থাক-তামা, রুপো, সোনা অথবা প্ল্যাটিনামের চাকতি গলায় ঝুলিয়ে সেই বিজ্ঞাপন বদৌলত আপার ক্লাস কনজিউমারের দলে ভিড়ে-পড়ার আশ্চর্য মন্ত্র পাবেন লকেট অথবা মুশকিল আসান-এ। মোবাইলে বাটন টিপে ফটাফট যত ছবিই তুলুন, চিত্রিত পদ্মে পড়তে পড়তে সেকালের নানান নামের ক্যামেরা, নানান কায়দায় ছবি তোলার রোমান্সের নস্টালজিয়া আপনাকে কাবু করবেই করবে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন, কলিযুগে নামেই উদ্ধার। তিনি তো ওইটুকু বলেই খালাস! কিন্তু নাম করার হাজারো সোজা-বাঁকা পথের কথা তো তিনি বলে যাননি! অ্যাদ্দিনে সে-অভাব মিটল-নাম করা পড়ুন বুঝতে পারবেন। সেকালের রান্না খাওয়া-র এলাহি আয়োজন আর অতিগুরু ভোজনের ফিরিস্তি পড়েই একালের অজীর্ণ-রোগী পাঠক চাট্টি ঢেকুর তুলে দু'খিলি পান চিবিয়ে তার পুরো হপ্তার ভোজনপর্ব সমাধা করে এই মাগ্নি-গণ্ডার দিনে অনেকগুলো পয়সার সাশ্রয় করতে পারবেন। ডাকযোগে শিক্ষার মতো শান্তিনিকেতন না-গিয়েও কবিগুরুর সাধানপীঠ ভ্রমণ সেরে ফেলতে পারবেন আমোদের শান্তিনিকেতন পড়লে। তাহাদের কথা-য় যাহাদের কথা আছে তাদের আমরা নিত্যি তিরিশদিন চোখের সামনে দেখেও দেখতে পাইনা দেখতে চাইনা বলে! প্রেম বঙ্কিম না পড়লে জানাই যেত না বাঙালির প্রেম তিনপ্রকার: জলের কল, ডাকবাক্স আর সরকারি টিউবওয়েল।
সব মিলিয়ে বইখানা যেন সেই অবতার পুরুষের কথা-মিছরির রুটি। সিধে করেই খাও আর আড় করেই খাও মিষ্টি লাগবেই!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি