উর্বশীর হাসি
শঙ্খ ঘোষ
ভূমিকা--
কবিতা নাটক বা উপন্যাস যখন আমরা পড়ি, আমরা চাই আমাদের অভিজ্ঞতার আরেকটু স্পষ্টতা, আমাদের অভিজ্ঞতার আরেকটু প্রসার। স্পষ্টতার বা প্রসারণের সেই আনন্দই আমাদের সাহিত্য পড়ার আনন্দ।
সাহিত্যের সমালোচনাতেও পাঠক নিশ্চয় আশা করেন যে সমালোচক তাঁর কাছে পৌঁছে দেবেন সেই আনন্দের কোনো স্বাদ, অথবা সেই অভিজ্ঞতার কোনো বিশ্লেষণ।
কিন্তু এ-বইয়ের লেখাগুলিতে তেমন কোনো বিশ্লেষণ নেই, নেই কোনো আস্বাদনও। এই লেখাগুলির লক্ষ্যে ছিল কেবল কয়েকটি তথ্যের বিচার, প্রধানত রবীন্দ্রনাথের জীবন আর সাহিত্য-বিষয়ের কয়েকটি তথ্য। সেই হিসেবে, সাহিত্যরসিকের মনে হতে পারে, এ-বই নিতান্ত নীরস এবং নিষ্প্রয়োজন, সাহিত্যপাঠের দিক থেকে নিষ্ফল।
তবে, সত্য তো একেবারে তথ্যনিরপেক্ষ নয়। অনেকসময়েই তথ্য আমাদের পায়ের তলার মাটি। সে-মাটি সরে গেলে দাঁড়াবার আর জায়গা থাকে না কোনো। সেই কারণেই, সাহিত্যবিচারের সময়ে তার নেপথ্যঘরে প্রায়ই আমাদের সাহায্য নিতে হয় কোনো কোষগ্রন্থের, কোনো-বা আকরগ্রন্থের। যাঁরা কেবলই তথ্য নিয়ে কাজ করেন তাঁদের উপর বিশেষভাবে নির্ভর করতে হয় আমাদের। সেইসব কোষ বা আকরের কাছে কত-যে আমাদের দাবি, আমাদের অসহায় নির্ভরশীলতা যে কতটা, সেইটে জানাবার জন্যই এই লেখাগুলি।
কখনো কখনো শ্রদ্ধেয় পণ্ডিতজনের কোনো কোনো ভুলের কথাই উঠে এসেছে এখানে। সেটা কেবল এইজন্য যে, তথ্যজগতের অস্পষ্টতা আর অপূর্ণতা দূর হতে পারে আমাদের অনেকের সমবেত চেষ্টায়। যাঁরা অনেক জানিয়েছেন, তাঁরা যে দু-চারটে ভুলও করে ফেলতে পারেন হঠাৎ, সেটা বোঝা যায়। সেই ভয়ে কি কাজ বন্ধ করে দেবেন তাঁরা? রবীন্দ্রনাথ লিখেছিলেন তাঁর ছোটো একটি কবিতায় 'দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি/সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?' একথাটা আমাদের মনে রাখতেই হয় যে সত্যের খোঁজ নিতে গেলে স্খলনের সম্ভাবনাও থেকেই যায় কিছু। কাজ যাঁরা করছেন, এ-রকম স্খলনে তাঁদের সামগ্রিক গৌরবের কোনো লাঘব হয় না। তবে, ইতিহাসের যাথার্থ্যের জন্য, সেইসব বিভ্রম থেকে যে আমাদের যথাসাধ্য সরে আসাও দরকার, তাও ঠিক।
বলা নিশ্চয় বাহুল্য যে আমার এই লেখাগুলিতেও ভুলের সম্ভাবনা রইল অনেক। সতর্ক হতে চেয়েছি, কিন্তু পেরেছি যে সব সময়ে, এমন নয়। অন্য পাঠকেরা কোনোদিন হয়তো জানিয়ে দেবেন সেটা। আর এইভাবে, আমাদের সকলের মিলিত চর্চায়, ঠিক-ঠিক তথ্যের ভূমিতে আমরা প্রতিষ্ঠিত হতে পারব একদিন।
--শঙ্খ ঘোষ
২৫ মার্চ ১৯৮১
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি