কাছে পিঠের পড়শি কথা
সুমনা সাহা
কাছেপিঠের পড়শিদের নিয়ে এই বই। তোমরা তো পড়শি বলতে বোঝ পাশের বাড়ির লোক, বা পাড়ার লোক, কাকু-কাকিমা, দাদা-দিদি, আর বন্ধুরা। কিন্তু এছাড়াও কত পড়শি আছে জানো? তোমার ঘরের পাশের গাছে, স্কুলের মাঠে, এমনকি তোমাদের ঘরের ভিতরেও আরও কত পড়শি বাস করে, তার খবর কি তোমরা রাখো? মাঠে খেলতে গিয়ে যখন কুটুস করে লাল পিঁপড়ে কামড় দেয়, পড়তে বসলে কানের কাছে মশা এসে গুনগুন করে গান শুনিয়ে যায়, বইয়ের আলমারির পিছন থেকে টিকটিকি টিকটিক করে ডাকে, রাস্তায় যেতে যেতে হঠাৎ মাথার উপর দিয়ে কাক বা পায়রা উড়ে যায় আর টপ করে 'ব্লেসিং' ঝরে পড়ে, তখন ওদের কথা খেয়াল হয়, তাই না? কাক, শালিখ, চড়াই, টিকটিকি, আরশোলা, ইঁদুর, কাঠবিড়ালি, পেঁচা, ব্যাং, কুকুর, বিড়াল এরা সবাই কিন্তু আমাদের পড়শি। কেউ কেউ আমাদের সঙ্গে ঘরেই থাকে, বিনা ভাড়ায়, কেউ কেউ আবার আশেপাশের গাছপালায়, মাটির নিচে গর্তে, কিম্বা পুকুরে গা ঢাকা দিয়ে থাকে। এই সমস্ত পড়শিদের কেউ কেউ ভাল আবার কেউ কেউ দুষ্টু। তবুও সবাইকে নিয়েই চলতে হয়, এটাই সংসারের নিয়ম। দুষ্টু পড়শির কাছ থেকে সাবধান হতে হবে, আর ভাল পড়শির সাথে ভাব করতে পারো। পড়ে দেখো তো, এখানে যে পড়শিদের কথা লেখা আছে, তাদের সবাইকে চেনো কি না, কার কার সাথে তোমাদের ভাব আছে, কার সাথে আড়ি?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি