শুকতারা-র ১০১ ভূতের গল্প
ভূতের গল্প! নামটা শুনলেই যেন কেমন গা ছমছম করে ওঠে। যারা ভয়কাতুরে তাদের তো কথাই নেই, যারা মুখে খুব সাহস দেখায় তারাও যে ভূতের গল্প পড়তে বসলে কেমন ভয়ে কুঁকড়ে যায়, সে আমরা সবাই জানি। শুধু ছোটরাই বা কেন, যে-সব বড়োরা হাতে ভূতের গল্পের বই দেখলে ধমকান, তাঁরাও কিন্তু ছোটদের লুকিয়ে পড়ে নেন ভূতের গল্প। এ গল্পের আকর্ষণ এরকমই, বয়সের কোনো বাছবিচার নেই এখানে, বারো থেকে বাহাত্তর সকলেই এসব গল্পের ভক্ত।
সেই জন্যেই নানারকমের ভূতের গল্প জড়ো করা হয়েছে এখানে। শুকতারা পত্রিকায় এই সত্তর বছর ধরে ভূতের গল্প তো আর কম প্রকাশিত হয়নি। আর লিখেছেনও সব বাঘা বাঘা লেখক। এঁদের মধ্যে যেমন আছেন আগেকার দিনের হেমেন্দ্রকুমার রায়, সুধীন্দ্রনাথ রাহা, যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সরোজকুমার রায়চৌধুরী, আশাপূর্ণা দেবী, স্বপনবুড়ো, বিশু মুখোপাধ্যায় কি ধীরেন্দ্রলাল ধরের মতো সেরা গল্পকার, তেমনি আছেন একালের মহাশ্বেতা দেবী, বিমল কর, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, প্রফুল্ল রায় বা সুচিত্রা ভট্টাচার্যের মতো পাকা, গল্প-লিখিয়েরা। নাম যাঁদের করলাম না, ভূতের গল্প পড়ুয়াদের কাছে তাঁদের নামও দস্তুরমতো পরিচিত।
এইরকম একশো এক গল্পকে বন্দি করা হয়েছে এই বইয়ের দুই মলাটের মধ্যে। ভূতেরা সব তোমাদের সঙ্গে আলাপ করার জন্যে ছটফট করছে, কাজেই আর বিলম্ব নয়, পাতা ওলটাতে শুরু করো।
----------
শুকতারা পত্রিকায় বছরে নিয়মিত দু'বার করা হয় ভৌতিক সংখ্যা, এছাড়া শারদীয়া সংখ্যায় ভূতের গল্প তো কিছু থাকেই। কাজেই এই পত্রিকায় দীর্ঘ সত্তর বছর ধরে কত শত ভূতের গল্প প্রকাশিত হয়েছে সেটা তো সহজেই বোঝা যায় নামকরা লেখকরা লিখেছেন, ভূতের গল্পবিশারদরা লিখেছেন, বিচিত্র ধরনের সব ভূতেরা পত্রিকার পাতায় ভিড় জমিয়েছে। এই এত সব গল্পের মধ্যে থেকে মাত্র একশো একটি গল্প বেছে নেওয়া মোটেই সহজ কাজ নয়। নামী লেখকদের গল্প বাছতে হবে, তাঁরা অনেকেই এতদিনে বহু গল্প লিখেছেন-তার মধ্যে সেরা লেখাটি বেছে নিতে হবে; ততটা নামী না হলেও গায়ের লোম খাড়া করা কিছু গল্প যাঁরা লিখেছেন, তাঁদের গল্পও নিতে হবে; আর সবচেয়ে বড়ো কথা হল, একই রকম না হয়ে যায়, প্রত্যেকটা গল্প যেন আলাদা রকমের হয়, প্রত্যেক গল্পে যেন অন্যরকম চমক থাকে, সেটাও দেখতে হবে। নইলে সে গল্প তোমাদের ভালো লাগবে কেন। পড়তে গেলে একঘেয়ে মনে হবে যে!
এই সব কথা মনে রেখে, অত্যন্ত খুঁটিয়ে বিচার করে এই বইয়ের প্রত্যেকটি গল্প নির্বাচন করা হয়েছে যাতে একটি গল্পও পড়ে মনে না হয় ঠিক জমল না। প্রত্যেকটি গল্পই রোমহর্ষক, উত্তেজনায় ঠাসা, শুরু করলে আর শেষ না করে ওঠা যায় না। কে কতটা সাহসী সে প্রমাণ যদি পেতে হয়, এক্ষুনি এই বই নিয়ে বসে পড়তে হবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি