স্বপ্নতারার আলো
অসিত কর্মকার
স্বপ্নতারার আলো, একটি নতুন তারা জন্মের অপেক্ষা, স্বপ্নতারা। যে তারার শুদ্ধ নীল আলো প্রকৃত অর্থে বেঁচে থাকার পথ দেখায়।উপন্যাসের প্রেক্ষিতভূমি নগরজীবনকে উপজীব্য করে হলেও কাহিনির আবেদনের আর্তি মানবসভ্যতার সার্বিক বিস্তার জুড়ে। মানুষে মানুষে মিলনের জয়গানের পাশাপাশি দ্বন্দ্ব অসূয়া সংঘাত লোভ লালসা ,একে অপরকে পরাভূত করে রাখার অভিসন্ধি পৃথিবী জুড়ে। সাদা চোখে যা কিছু নান্দনিক এবং সুখকর সত্য তার পিছনে লুকিয়ে গভীর চক্রান্ত, সাধারণ মানুষের সহজ জীবনবোধে যা ধরা পড়ে না। সুখে বাঁচার আহ্বান যত তা সবই যে ধ্রুব সত্য তা নয়। বরং আপাত সত্যের আড়ালে লুকিয়ে শোষকের হিংস্র প্রবৃত্তির শানিত নখদন্তের আস্ফালন। কাহিনির পরতে পরতে দ্বিধা দ্বন্দ্ব,সত্য অসত্য,সন্দেহ,সহন অসহন, ধৈর্য অধৈর্যের কঠিন পরীক্ষা। জটিল সমাজের দ্বান্দ্বিক রসায়নজাত এ এক আশ্চর্য কাহিনি।কাহিনির নায়ক বিনায়ক এই নাগরিক জীবনেরই এক প্রতিনিধি যার পা কঠিন কঠোর বাস্তবের মাটিতে প্রোথিত, শির আকাশ ছুঁয়ে।দৃঢ়চেতা, আত্মপ্রত্যয়ী সে। অলীক অবাস্তব জীবনে তার ঘৃণা।তার হেয়ালি চিন্তা ভাবনা এবং কল্পনায় প্রোথিত আগামী দিনে প্রকৃত সুখে বেঁচে থাকার ইঙ্গিত। সমাজকে আলোর পথ দেখানোয় প্রয়াসী সে।প্রকৃত মানুষের মত মানুষ হয়ে বেঁচে থাকার অভয়বার্তা ধ্বনিত হয় তার কন্ঠে।সে আকাশ থেকে পড়া বা স্বয়ম্ভু কোনও ফেরেস্তা নয়, এই জড় বধির সমাজেরই এক ব্যতিক্রমী প্রতিনিধি।যে নেতৃত্ব দেয় সকলের মধ্যে থেকে সকলকে সঙ্গে নিয়ে। প্রয়াসী হয় যত ভ্রষ্টাচার রুখে দিয়ে মুখোশের আড়ালের প্রকৃত মুখগুলোকে সমাজের সামনে উন্মোচনে।কাহিনি হয়ে ওঠে সমাজ বাস্তবতার এক জ্বলন্ত দলিল যা বাংলা সাহিত্যে লেখকের এক বিশেষ অবদান মনে করি।পাঠকচিত্তে যা ভোরের আলোস্নাত পাখিদের কন্ঠে নতুন দিনের গান হয়ে বাজবে আর তার অনুরণন রয়ে যাবে আগামীতেও, এ বিশ্বাস রাখাই যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি