নবকল্লোল-এর প্রেমের গল্প
সবচেয়ে আদিম এবং সবচেয়ে আধুনিক ব্যাপার হল প্রেম। ইভকে দেখে আদম ঠিক কী অনির্দেশ্য আকর্ষণ বোধ করেছিল তা যেমন বোঝা সম্ভব নয়, তেমনি বোঝা সম্ভব নয় আজও একটি নারীকে দেখে পুরুষ অথবা পুরুষকে দেখে নারী কী ভাবে সম্মোহিত হন। অনেকে বলেন প্রেম এক আশ্চর্য দীপ যাতে উদ্ভাসিত হয় এমন নতুন সৌন্দর্য, প্রেমিক বা প্রেমিকা ছাড়া যার সন্ধান কেউ পান না।
সেই কারণেই প্রেম ছোটগল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। নবকল্লোল পত্রিকায় অর্ধশতাধিক কাল ধরে বিখ্যাত যে-সব লেখক-লেখিকা অজস্র ছোটগল্প লিখে পত্রিকাকে সমৃদ্ধ করে এসেছেন, তার একটা বড়ো অংশই প্রেমের গল্প। বিভিন্ন লেখকের লেখা প্রেমের গল্পের স্বাদও আলাদা, ফলে একটি সংকলনে সেরা গল্পগুলিকে স্থান দেওয়া দুঃসাধ্য ব্যাপার। তবে সে দুরূহ কাজটিও আমরা সম্পূর্ণ করতে পেরেছি। ছোটগল্পের অবিস্মরণীয় শিল্পীদের অনেকেই এ সংকলনে আছেন, যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, নরেন্দ্রনাথ মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, গজেন্দ্রকুমার মিত্র, দৃষ্টিহীন, বিধায়ক ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ রাহা, কবিতা সিংহ, মানবেন্দ্র পাল। জীবিত সাহিত্যিকদের অনেকেই আছেন এই সংকলনে। কয়েকজনের নাম-মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়, বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দিব্যেন্দু পালিত, সমরেশ মজুমদার, নিমাই ভট্টাচার্য, নবনীতা দেবসেন, বরেন গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, আনন্দ বাগচী। এখন যাঁরা প্রেমের গল্পে চমক আনছেন এরকম অপেক্ষাকৃত তরুণ সাহিত্যিকরাও রয়েছেন এখানে।
নবকল্লোল পত্রিকায় প্রেমের যে বিচিত্র ধারা বিকশিত হয়েছে এখানে প্রকাশিত প্রচুর ছোটগল্পে, তার একটি নির্ভরযোগ্য সংকলন পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। আশা করি এই সাহিত্যসঙ্গী আপনাদের আনন্দ দেবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি